ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া চোরাচালানবিরোধী এক অভিযানে ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানান।
এর আগে মধ্যরাতে সীমান্তবর্তী মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগান থেকে ওই সাত পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়।
আটকরা হলেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের নাইম মোল্যা (২২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের শহিদুল মুফতি (৩৫), যশোরের শার্শা উপজেলার বেনাপোলের গয়ড়া গ্রামের নুর নবী (২৪), মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের শুভ বিশ্বাস (২৪), নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের আকাশ রায় (২৩), ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর পাড়ার সজিব (২০) ও যশোর সদর উপজেলার সাখারীগাতি গ্রামের ইমামুল হোসেন (২৬)। বিজিবির পক্ষ থেকে আটক পাঁচ নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
অন্যদিকে সকালে মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করেছে বিজিবি।
সকাল ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির সদস্যরা গয়েশপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব কীটনাশক জব্দ করেন।
আরও পড়ুন:







