সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটি তাঁর প্রকাশ্য ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের দাবি জানিয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ডা. মিজানুর রহমান সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করেছেন, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা। একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিক সমাজকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য দায়িত্বহীনতা ও পেশাগত শিষ্টাচারের পরিপন্থী বলে উল্লেখ করেন আহমেদ আবু জাফর।
তিনি বলেন, সাংবাদিকতার সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু পুরো সাংবাদিক সমাজকে হেয় করার অধিকার কারও নেই। এ ধরনের মন্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকাশ্য ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করা উচিত।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আহমেদ আবু জাফর বলেন, ডা. মিজানুর রহমান সুস্থ আছেন কি না, তা জাতিকে জানাতে হবে। পাশাপাশি তাঁর এ ধরনের রুচিহীন মন্তব্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা অবমাননা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।
আরও পড়ুন:







