নেত্রকোণায় জ্যেষ্ঠ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর নগ্ন হামলা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী ও আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা সারা দেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ সংহতি প্রকাশ করে অংশ নেন।
আরও পড়ুন:







