বুধবার

২১ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ১৭ যুবক

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১৩:১৯

শেয়ার

রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ১৭ যুবক
ছবি: বাংলা এডিশন

পার্বত্য চট্টগ্রামের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে পরিচালিত ‘যানবাহন মেরামত প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাঙামাটি সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

গত ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে মোট ১৭ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে তাঁদের সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। যানবাহন মেরামত খাতে কাজের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।