গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার ভোরে টঙ্গীর মুদাফা এলাকায় বিএনপি নেতা ফখরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আহতরা হলেন মো. লালচান, তার স্ত্রী মোছা. নাসিমা বেগম ও তাদের মেয়ে মোছা. তানিসা আক্তার। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, সকালে তার ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।
আরও পড়ুন:







