খুলনা মহানগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ছয়তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত ১০ থেকে ১৫ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পাশের আরেকটি ছয়তলা পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পাশ থেকে উদ্ধার করা স্যান্ডেলসহ অন্যান্য আলামত পর্যবেক্ষণ করে তাঁর বয়স ও পরিচয় সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা চলছে।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







