খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দুর্গম এ অঞ্চলে দীর্ঘদিন পর চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষুরোগ ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। এতে বড়পাড়াসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ উপকৃত হন।
চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি চোখ ও চর্মরোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবা গ্রহণের সীমিত সুযোগের কারণে এ অঞ্চলের বাসিন্দাদের জন্য ক্যাম্পটি বিশেষ গুরুত্ব বহন করে।
বড়পাড়াসহ আশপাশের এলাকায় বসবাসরত চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। স্থানীয় বাসিন্দারা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:







