গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ানোর খুশিতে পাঞ্জাবির দামে ছাড় দেওয়ার বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে পড়া নবীন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিজ্ঞাপনে ২৫২ টাকা বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির কথা বলা হলেও প্রতিষ্ঠানটির অনলাইন ও অফলাইন কোনো আউটলেটেই এ দামের পাঞ্জাবি পাওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
অভিযান শেষে সাংবাদিকদের জব্বার মন্ডল বলেন, প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনে গ্যাসের দাম ২৫২ টাকা বৃদ্ধির বিষয়টিকে খুশির উপলক্ষ হিসেবে তুলে ধরে পাঞ্জাবির দাম ২৫২ টাকা বা তার কম রাখার কথা জানিয়েছিল। কিন্তু গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ যেখানে অসন্তুষ্ট, সেখানে এ ঘটনাকে কেন্দ্র করে খুশির বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি আপত্তিকর।
তিনি বলেন, ছাড় দেওয়াতে তাঁদের আপত্তি নেই। আপত্তি হলো, ১৮ কোটি মানুষের সবাই যেখানে নাখোশ, সেখানে প্রতিষ্ঠানটি কীভাবে খুশি হলো। এ ধরনের প্রতারণামূলক বা চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দেওয়ার কোনো সুযোগ নেই।
জব্বার মন্ডল আরও জানান, বিষয়টি নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে এবং ক্ষমা চেয়েছে।
তিনি বলেন, পাঞ্জাবি অনলাইন ও অফলাইন কোনো মাধ্যমেই পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবীন ফ্যাশনের ফার্মগেট আউটলেটের এক কর্মচারী। তিনি বলেন, তাঁরা বুঝতে না পেরে ভুল করেছেন। বর্তমানে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
আরও পড়ুন:







