মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ০৯:২৮

শেয়ার

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামে তাঁর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মহেশপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) বি.এম. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মান্দারবাড়ীয়া গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডল ও খদেজা বেগমের ছেলে।

পুলিশ জানায়, তাঁর পরিহিত প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।

এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ছাড়া ২০ অক্টোবর মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নম্বর ৩৪ রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।