মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে পুরোনো কাপড় ও পচা ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ০৮:২৮

শেয়ার

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে পুরোনো কাপড় ও পচা ফল
ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমার আদলে তৈরি একটি সন্দেহজনক বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তুটি পরীক্ষা করে এর ভেতরে কোনো বিস্ফোরক পাননি। সেখানে পাওয়া যায় পুরোনো কাপড়চোপড় ও পচা ফল।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পার্কের ওই প্রান্তে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। দেখতে বোমার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটি খুলে দেখা হয়। এ সময় এর ভেতরে বিস্ফোরকজাতীয় কোনো উপাদান পাওয়া যায়নি।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বস্তুটি বাইরে থেকে বোমার মতো করে তৈরি করা হয়েছিল। তবে সেটির ভেতরে বিস্ফোরক পাওয়া যায়নি। সেখানে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল ছিল।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমার আদলে তৈরি বস্তুটি পার্কে রেখে গেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।