নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাজিবুল ইসলাম অপূর্বর (২৪) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরশহরের মধ্যবাজার এলাকার পুরাতন সিনেমা হলের সামনে থেকে অপূর্বরকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।
ময়নাতদন্ত প্রতিবেদনে নিহত আলিফের শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন:







