সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

শফিক খাঁন, ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২১:০৭

শেয়ার

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
ছবি: নমুনা ফ্যামিলি কার্ড

ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মরিয়ম বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছবি তোলার জন্য তাঁর কাছে যান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুল দুটি নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।

সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ মরিয়ম বেগমের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সরকারি সুবিধার প্রলোভনে এমন প্রতারণা ঠেকাতে অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য ও স্বর্ণালংকার হস্তান্তরের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।