সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

চুনারুঘাটে অনুমতিবিহীন বাণিজ্য মেলায় অভিযান, পাঁচ জনের কারাদণ্ড

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৫:২৫

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬ ১৫:৩১

শেয়ার

চুনারুঘাটে অনুমতিবিহীন বাণিজ্য মেলায় অভিযান, পাঁচ জনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের অভিযানে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় মেলার বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করা হয়।

সোমবার দুপুরে চুনারুঘাট সরকারি কলেজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থানীয় বাণিজ্য মেলার কার্যক্রম চালানোর দায়ে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে মেলায় স্থাপন করা বিভিন্ন গেট ও দোকানের কাঠামো অপসারণ করা হয়।

সূত্র জানায়, এর আগে মেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি আদেশ অমান্য করে মেলার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশের একটি দল, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।

এদিকে, চুনারুঘাট উপজেলার সর্বসাধারণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।