ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ মোঃ সাকিব মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১০টি চটের বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও ৫-৬ জন পালিয়ে যায়।
সোমবার রাত আনুমানিক ১:৩০ মিনিটে বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর এলাকার একটি পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিষ্ণুপুর এলাকায় অবস্থানকালে জানতে পারে, ওই এলাকার একটি পাকা সড়কে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আভিযানিক দলটি।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি চটের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একজনকে আটক করা সম্ভব হলেও অন্য ৫-৬ জন পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ১০টি চটের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিব মিয়া বিজয়নগর থানার বাসিন্দা। তাঁর বাবার নাম মাসুদ মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পলাতক ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে ও উদ্ধার করা আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন:







