ঝিনাইদহের মহেশপুরে বিসিআইসি সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বেলা ১১টায় মহেশপুর উপজেলা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিসিআইসি সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা সারের ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, সারসংকট নিরসন এবং ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দলীয়করণ বন্ধের দাবি জানান। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন মহেশপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ফারুক আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারের ডিলার নিয়োগসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
আরও পড়ুন:







