কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে তিন দিনব্যাপী উৎসব চলছিল। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা ছিল।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির কাছে একটি চায়ের দোকানের মালিক সাদা রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলে তিনি লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল এবং সার্কিটের মতো দুটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি কুমারখালী থানা পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে জানান।
খবর পেয়ে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখেন। এ সময় মাজারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে ডিএমপির এসআরইউ ইউনিটের বম্ব ডিসপোজাল টিম বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:







