রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, মিলল মাদক সিরাপও

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ২২:৪২

শেয়ার

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, মিলল মাদক সিরাপও
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান এক সন্দেহভাজন ব্যক্তি।

রবিবার ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন পাকরাইল এলাকায় এ অভিযান চালায়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ৫৪/২-এস পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা।

ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

রবিবার বিকেল মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মুন্সি ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।