ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. আবু বক্কর ওরফে বাক্কা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের গেটসংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানা তামিলের লক্ষ্যে দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই মো. আ. হান্নান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসি কার্যালয় এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সন্দেহভাজন হিসেবে আবু বক্করকে আটক করা হয়।
পরে তাঁর সঙ্গে থাকা একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ১০ লিটার ধারণক্ষমতার দুটি কনটেইনারে মোট ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
গ্রেপ্তার আবু বক্কর মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কালু বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। রবিবার মামলাটি রুজু করা হয়, যার নম্বর ৩১।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম জানান, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







