রাঙামাটি পার্বত্য জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী সাত দিনের সময়সীমা দেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানে এখনো যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মালিকরা।
রবিবার দুপুরে জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকদের নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।সভায় রাঙামাটি পার্বত্য জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি প্রতিষ্ঠানে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় যেসব হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের মালিকদের আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়। এ সময় সংশ্লিষ্ট মালিকরা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।সংশ্লিষ্টদের মতে, রাঙামাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। এখানে পর্যটকদের নিরাপদ আবাসন ও খাবারের পরিবেশ নিশ্চিত করতে হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা অত্যন্ত জরুরি। তাই শুধু প্রতিশ্রুতি নয়, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং নিয়মিত তদারকির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন:







