হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির আহ্বায়ক আতাউস সালাম বাবুর একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কর্মরত পুলিশ কর্মকর্তাদের নাম-ঠিকানা সংরক্ষণের কথা উল্লেখ করে অবসরের পরও তাদের শান্তিতে বাড়ি ফিরতে না দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে আতাউস সালাম বাবু দাবি করেন, শনিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার তাকে পুনরায় গ্রেপ্তার করতে বাড়িতে যান। তবে সে সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সিরাজ নামে এক ব্যক্তির গ্রেপ্তারের খবরও পেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাল্লাহ।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা আরও কয়েকবার জেল মেনে নিয়েই রাজনীতি করছি। সবাই দোয়া করবেন আমার জন্য।’
তার এমন বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে পুলিশ কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ রাজনৈতিক বক্তব্যের ভাষা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন।
তবে ফেসবুক স্ট্যাটাসে উল্লিখিত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। আতাউস সালাম বাবুকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা এবং সিরাজ নামে ওই ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে এসব বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
আরও পড়ুন:







