রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

খুলনায় যুবকের পায়ে গুলি করে মোবাইল ছিনতাই

জিসান কবিরাজ,খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৭:২৪

শেয়ার

খুলনায় যুবকের পায়ে গুলি করে মোবাইল ছিনতাই
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় এক যুবকের পায়ে গুলি করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে আনুমানিক একটি মসজিদের সামান্য সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম শেখ জুম্মান রহমান বিশাল। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফর শেখ। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার কারণ এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান আমাদের সময়কে জানান, ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।