কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ লাগোয়া রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, অগ্নিকান্ডের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে এক পরিবারের ৬ জন রয়েছেন। তারা হলেন, ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা ও মিলিতা মেহেজাবিন আলভী, খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা ও নাফিসতা মীম, চুয়াডাঙ্গার ফারিহা কবির এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
পরিচয় পাওয়া নিহত অন্য তিনজন হলেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা, জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। শেষ দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:







