শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের ত্যাগের আহ্বান এমপি বেলালের

লিমন মিয়া,গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২০:২৯

শেয়ার

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের ত্যাগের আহ্বান এমপি বেলালের
ছবি; বাংলা এডিশন

ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের সদস্যদের ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে”—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

শনিবার সকালে গাইবান্ধা জেলা জামায়াতের প্রধান কার্যালয় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "বাংলাদেশ আজ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ দেশের আপামর জনতার কাঙ্ক্ষিত ন্যায়বিচার ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে জামায়াতের রুকনদের ত্যাগ ও কুরবানির জজবা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দ্বীনের এই দাওয়াতকে গাইবান্ধার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়াই হোক আজকের রুকন সম্মেলনের দৃপ্ত শপথ।"

জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকারের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে জেলার সর্বস্তরের পুরুষ ও মহিলা রুকনবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে দারস পেশ করেন সাবেক জেলা আমীর ও বিশিষ্ট চিকিৎসক ড. আব্দুর রহিম সরকার।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় এবং অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও আবেগঘন পরিবেশে উপস্থিত রুকনগণ প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে আগামী মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতির বক্তব্যে জেলা আমীর মো. আব্দুল করিম সরকার সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল ও রুকনদের তাকওয়া, আখলাক ও আমলের মাধ্যমে আদর্শিক মজবুতি হাসিল করার আহ্বান জানান। একই সাথে ইকামাতে দ্বীনের কাজকে আরো গতিশীল ও বেগবান করতে রুকনদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রতি তাগিদ দেন।

সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, মুক্তি এবং ইকামাতে দ্বীনের বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



আরও পড়ুন: