শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৯:১৯

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ ১৯:২৯

শেয়ার

চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও তিন সদস্য গ্রেপ্তার
ছবি; বাংলা এডিশন

মহসিন হোসাইন। চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ নিয়ে একই ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইলিশ মাছ, ফার্নিচার, কলম, জুতা, শিশুদের খেলনা, অনলাইন চাকরি ও মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির নামে প্রতারণা করে আসছিল। তারা ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ আইডি খুলত। পরে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন বুস্ট করে এসব প্রচারণা ছড়িয়ে দিত।

ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত চক্রের সদস্যরা। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ও অডিও কলের মাধ্যমে নাহিদ, জাবেদ, হাজী আব্দুল কাদের ও রফিকুলসহ বিভিন্ন ভুয়া পরিচয়ে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করত তারা। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে ভুয়া ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্স দেখানোর পাশাপাশি নকল ভাউচার ও ওয়েবসাইট তৈরি করত। পরে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১ ও ২২ ধারাসহ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটি হলো—মামলা নম্বর ১১১, জিআর নম্বর ৯৭৮/২৬, তারিখ ২১ আগস্ট ২০২৬ এবং মামলা নম্বর ০৫, জিআর নম্বর ১০২৪/২৬, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের এলআইসি শাখা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। এসআই (নিঃ) মো. আনছার উল্লাহ, এসআই (নিঃ) মো. জিয়াউল হক জিয়া, এএসআই (নিঃ) মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই (নিঃ) মো. জহির উদ্দিনের সমন্বয়ে গঠিত দলটি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

গত ১৪ ও ১৫ অক্টোবর পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সুমন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম মামুন ও অনিক অধিকারী। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচুড়ী ও পেড়লী ইউনিয়নে। অভিযান শেষে শুক্রবার পুলিশি দল চাঁদপুরে ফিরে আসে। পরে শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানায়, একই ঘটনায় এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে আরও তিনজন গ্রেপ্তার হওয়ায় এ পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।

মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। অনলাইনে প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মহসিন হোসাইন,চাঁদপুর প্রতিনিধি