ঝিনাইদহের মহেশপুরে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় তাঁদের অপর এক ছেলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি বাড়িতে বসে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালায় ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল। এ সময় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে তাঁদের অপর এক ছেলে পালিয়ে যান।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







