শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

খুলনায় ১০০ গজের ব্যবধানে দুই ট্রেনের ধাক্কায় নিহত দুই

জিসান কবিরাজ,খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৭:৩৮

শেয়ার

খুলনায় ১০০ গজের ব্যবধানে দুই ট্রেনের ধাক্কায় নিহত দুই
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মাত্র ১০০ গজের ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর ফুলবাড়ী মীরেরডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম এবং জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘শিপসা এক্সপ্রেস’ ট্রেনটি ভোরে ফুলবাড়ীগেট রেলক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে ট্রেনের ধাক্কায় মাহাফুজুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়।

অন্যদিকে, প্রথম দুর্ঘটনার স্থান থেকে মাত্র ১০০ গজ দূরে সকাল ৯টার দিকে ঈশ্বরদী থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নামের ওই বৃদ্ধ নিহত হন।

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিয়ামের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।