শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ছয়জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫২

শেয়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ছয়জন
ছবি সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত ছয়জন ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের সদস্য। তাঁরা হলেন ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)।

অগ্নিকাণ্ডে আহত ছয়জন হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।

আশিকুলের পরিবারের ছয়জনের মৃত্যু

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ওই রিসোর্টে আশিকুলের পরিবারের নয়জন ছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসোর্টে ২৭ জনের প্রবেশের তথ্য ছিল। তাঁদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ দুপুরে জানান, প্রথম দিকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকাজে সহায়তা করতে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অগ্নিকাণ্ডে হতাহত সবাই পর্যটক ছিলেন। রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।