রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এশার নামাজ আদায় করে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়ার সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর বুকের বাঁ পাশে গুলির আঘাত ছিল বলে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ পিয়ারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন:







