রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৪:০৩

শেয়ার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
ছবি সংগৃহীত

কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদরদপ্তর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটির রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভেতরে থাকা পর্যটকেরা বিপাকে পড়েন।

রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট নয়টি কক্ষ ছিল। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রিসোর্ট থেকে চার থেকে পাঁচজন বের হতে পেরেছেন। তবে অন্যদের অবস্থান ও পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদরদপ্তর জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।