যশোরের শার্শায় প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোনসহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালায়। সেখান থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের মো. হাবিবুর রহমান, একই উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের মো. বকুল হোসেন এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়া গ্রামের মো. রেজাউল হোসেন।
পুলিশ জানায়, অভিযানে ১ হাজার টাকার ২৭৬টি নোটসহ মোট ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, ১ হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল কাপড়, দুটি লাল কাটিং সুতা ও একটি নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে ১৬ অক্টোবর তাঁদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:







