অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আর্থিক অনুদান দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন সংশ্লিষ্টরা।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের হাতে এ আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হকসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আর্থিক অনুদান পেয়ে উপকৃত হন সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ। দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন মেটাতে আর্থিক সংকটে থাকা এসব মানুষের জন্য এ সহযোগিতা কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
তাঁরা মনে করেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি বৈষম্যহীন ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের এ উদ্যোগ। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সহায়তার নতুন পথ তৈরি করবে।
আরও পড়ুন:







