বগুড়ার সোনাতলায় সাত বছরের শিশু ইউসুফকে হত্যার অভিযোগে তার মা রিনি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে গত মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধানক্ষেত থেকে ইউসুফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ওই এলাকার উজ্জ্বল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার তিন দিন আগে নিখোঁজ হয় শিশুটি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ছেলেকে খুঁজে না পেয়ে সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা উজ্জ্বল হোসেন। এর মধ্যেই ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, শিশু ইউসুফ হত্যার ঘটনায় তার মা রিনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন তিনি।
তদন্ত কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে কী কারণে এবং কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:







