নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা ও অপরিচ্ছন্ন পরিবেশের বিরুদ্ধে আবারও শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার ‘মহানগর হাসপাতাল’-এ অভিযান চালিয়ে বিভিন্ন গুরুতর অনিয়ম উন্মোচন করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতুর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সেবা দেওয়ার নামে দীর্ঘদিন ধরে চরম নিয়মবহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে আসছিল হাসপাতালটি। তদারকিকালে দেখা যায়, হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ড্রাগ ফার্মেসির লাইসেন্স এমনকি পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সও নেই! অর্থাৎ সম্পূর্ণ অবৈধ ও আইনবহির্ভূতভাবে এটি সেবা কার্যক্রম চালিয়ে আসছিল।
শুধু কাগজপত্রের ঘাটতিই নয়, রোগীদের জীবনঝুঁকিতে ফেলার মতো ভয়াবহ চিত্র ফুটে ওঠে হাসপাতালের ভেতরে। যে অপারেশন থিয়েটারে মানুষের জীবন বাঁচানোর কথা, সেই ওটি, পোস্ট-অপারেটিভ রুম ও অটোক্লেভ রুম অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত হচ্ছিল। সংক্রমণের চরম ঝুঁকি জেনেও চিকিৎসাসেবার নামে এমন চরম অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন সচেতন মহল।
এসব গুরুতর অনিয়মের দায়ে মহানগর হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন এবং পরিবেশ ও সেবার মান সংশোধনের কড়া আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু স্পষ্ট ভাষায় জানান, “রোগীর জীবনের নিরাপত্তা ও নাগরিকেদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন বিন্দুমাত্র ছাড় দেবে না। মহানগর হাসপাতালের এসব গুরুতর অনিয়ম বরদাশত করার মতো নয়। জনস্বার্থ রক্ষায় এবং ভুয়া ও নিয়মবহির্ভূত চিকিৎসাসেবা বন্ধে আমাদের এই শক্ত অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, শুধু জরিমানা ও সময়সীমা বেঁধেই ক্ষান্ত না হয়ে, মানুষের জীবন নিয়ে ব্যবসা করা এমন অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হোক।
আরও পড়ুন:







