নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের একটি জঙ্গল থেকে হাত-পা ও মুখে কষ্টেপ পেঁচানো অবস্থায় রুকন মিয়া নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিংহের বাংলা এলাকার নোয়াপাড়া বুইদার জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুকন মিয়া মদনপুর এলাকার গিটুর পাড়ার হোসেন আলীর ছেলে। তাঁর শ্বশুরবাড়ি সদর উপজেলার মৌগাতী এলাকায়। তিনি পরিবার নিয়ে নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রুকন মিয়া ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে সিংহের বাংলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার
(সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







