খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলীতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন। বৃহস্পতিবার দুল্যাতলী আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং উন্নত পরিচর্যা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে দুল্যাতলী ইউনিয়নের ১৫ জন প্রান্তিক খামারি অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের পাশাপাশি প্রাণীর সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ পশু-পাখির প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় খামারিরা প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি পশু-পাখির মৃত্যুহার কমানো এবং খামারনির্ভর পারিবারিক আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে লক্ষীছড়ি জোনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:







