ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি সেতুর পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চায়না রাইফেলের এক রাউন্ড গুলি ও শটগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর সিলেটের অধীন সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি কালো পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যান।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শিমরাইলকান্দি এলাকায় সেতুর পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা একটি কালো রঙের পলিথিনের ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৭.৬২ মিলিমিটার চায়না রাইফেলের এক রাউন্ড গুলি এবং ১২ বোরের শটগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা পিস্তলের গ্রিপের এক পাশে ইংরেজিতে "Sunmica INDUSTRIAL" লেখা রয়েছে। এ ছাড়া চায়না রাইফেলের গুলির এক পাশে "BOF 01 7.62x39" এবং শটগানের কার্তুজের এক পাশে "NOBEL 12 SPORT 12" লেখা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ অপরাধ দমনে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







