গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল ছোট্ট দ্বীপ শীল। মাত্র তিন বছর বয়সেই চাচার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে হয়ে উঠেছিল জনপ্রিয়। কিন্তু সেই হাসিখুশি শিশুটির জীবন থেমে গেল মর্মান্তিক এক দুর্ঘটনায়। হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
দ্বীপ একই গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। স্থানীয় বাজারে চুল কাটার কাজ করে সংসার চালান তার বাবা। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দ্বীপকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয় বলে জানা গেছে।
দ্বীপের চাচা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে চাচার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিত ছোট্ট দ্বীপ। বিপ্লবের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হতো শিশুটির গাওয়া গান ও নানা মজার ভিডিও। শিশুসুলভ এলোমেলো কথায় গাওয়া এসব গান অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়ে। বর্তমানে ওই ফেসবুক আইডিতে রয়েছে প্রায় দুই লাখ অনুসারী।
স্থানীয় সাংবাদিক মজিদ শেখ জানান, দ্বীপকে নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতেন তার চাচা বিপ্লব শীল। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অন্য কনটেন্ট নির্মাতারাও তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন।
এদিকে, দ্বীপের মৃত্যুর ঘটনায় বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন তালুকদার জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যে বয়সে শিশুটির খেলাধুলা, হাসি-আনন্দ আর পরিবারের সান্নিধ্যে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তার এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে পরিচিতি পাওয়া ছোট্ট দ্বীপের মৃত্যুতে ব্যথিত তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও।
আরও পড়ুন:







