তারেক রহমানের সরকারের কাছেই জনগণ নিরাপদ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি বরাদ্দের ডিও (ডিমান্ড অব অর্ডার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাদিয়া পাঠান পাপন বলেন, আগের বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা প্রায় দুই থেকে তিন গুণ বেড়েছে। আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চালের অনুদান দেওয়া হলেও বর্তমান সরকার তা বাড়িয়ে ৬০০ কেজি করেছে। এর মাধ্যমে পূজার আয়োজন ও উদ্যাপনে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি মহল ধানের শীষের সরকারকে বেকায়দায় ফেলতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমা স্থাপন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
এ সময় বক্তব্য দেন পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসচিব লিটন দেব। তিনি দুর্গাপূজা উদ্যাপনে বর্তমান সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিজয়নগর উপজেলার ৩৬টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ডিও বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতা ডা. রফিকুল ইসলাম, মাহবুবুর হক, আব্দুল কাদিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







