নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসার বকেয়া ৯৮ লাখ টাকা আদায় নিয়ে বিরোধের জেরে মিথ্যা সংবাদ প্রকাশ ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। যাদের মধ্যে গোলাম রাব্বানী শিমুল নামের একজন প্রথম আলো’র সাবেক সংবাদদাতা বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিকার ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আতিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী।
অভিযোগে বিবাদী হিসেবে আসাদুজ্জামান হিরু, সাগর হোসাইন ও মো. গোলাম রাব্বানী শিমুলের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ব্যবসায়িক লেনদেনের একপর্যায়ে তাঁর ও তাঁর অংশীদারের ৯৮ লাখ টাকা পাওনা হলেও দীর্ঘদিন ধরে তা পরিশোধ করা হচ্ছে না। পাওনা টাকা চাইতে গেলে তাঁকে মিথ্যা সংবাদ ও মামলার মাধ্যমে হয়রানির হুমকি দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে প্রথম বিবাদী হিসেবে আসাদুজ্জামান হিরুর নাম উল্লেখ করা হয়েছে। তাঁর পিতার নাম মানিক মিয়া। দ্বিতীয় বিবাদী সাগর হোসাইনের পিতার নাম শরিফ উদ্দিন মেম্বার। অভিযোগপত্রে তাঁর ঠিকানা হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার উল্লেখ রয়েছে। তৃতীয় বিবাদী মো. গোলাম রব্বানী শিমুলের পিতার নাম শাহ আলম। তাঁর ঠিকানা কুমিল্লার দেবিদ্বার উপজেলার আমানবাড়ী এলাকায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গোলাম রাব্বানী শিমুলকে বিভিন্ন অভিযোগে প্রথম আলো থেকে চাকুরীচুত্য করা হয়েছে।
অভিযোগকারী আতিকুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম শাহ আলম বেপারী এবং মাতার নাম হাজেরা বেগম।
অভিযোগপত্রে আতিকুল ইসলাম উল্লেখ করেন, তাঁর অংশীদার রাইসান রোমানের সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে গার্মেন্টস ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। ২০২০ সালে প্রথম বিবাদীর সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরে প্রথম ও দ্বিতীয় বিবাদী বাকিতে তৈরি পোশাক নিয়ে ব্যবসা করার প্রস্তাব দিলে তাঁরা তাতে সম্মত হন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে বাকিতে তৈরি পোশাক নিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনা করা হয়। একপর্যায়ে হিসাব-নিকাশ শেষে প্রথম ও দ্বিতীয় বিবাদীর কাছে তাঁদের ৯৮ লাখ টাকা পাওনা হয়। ওই টাকা পরিশোধের আশ্বাস দিয়ে বিবাদীরা দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আতিকুল ইসলামের অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গতবছর প্রথম ও দ্বিতীয় বিবাদীর বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ করেছিলেন তিনি। ওই ঘটনার পরও পাওনা টাকা নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে পাওনা টাকা নিয়ে আলোচনার একপর্যায়ে দ্বিতীয় বিবাদী তাঁর ও তাঁর অংশীদারের ৯৮ লাখ টাকা পাওনার বিষয়ে বিরোধপূর্ণ আচরণ করেন। এ সময় তৃতীয় বিবাদী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পাওনা টাকা চাইলে তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এবং মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ করেছেন আতিকুল ইসলাম।
লিখিত অভিযোগে আতিকুল ইসলাম তাঁর পাওনা ৯৮ লাখ টাকা উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ ঘটনায় এম্পায়ার কটন গার্মেন্টেসের জেনারেল ম্যানেজার (জিএম) খবর নারায়ণগঞ্জকে বলেন, বিগত দুই মাস যাবৎ আমি আমার প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন দিতে পারছি না। এ বিষয়ে যখন আমি ম্যানেজিং ডিরেক্টর স্যারের কাছে জানতে চাইলাম যে স্যার কেনো আমরা বেতন দিতে পারছি না? তখন স্যার জানালো যে, একটি প্রতারক চক্র আমাদের কাছ থেকে অনেক টাকার মালামাল নিয়েছে কিন্তু তারা টাকা পরিশোধ করেনি। এরপর এমডি স্যার ও আমিসহ এ বিষয়ে সুরাহার জন্য ওই প্রতারক চক্রের সাথে যোগাযোগ করি।
তিনি আরও বলেন, ওই প্রতারক চক্রের ভেতর একজন গোলাম রাব্বানী শিমুল যিনি নিজেকে প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা হিসেবে পরিচয় দান করে। তবে, আমরা খোঁজ নিয়ে জানতে পারি গোলাম রাব্বানী শিমুলকে অনেক আগেই বিভিন্ন অভিযোগের কারণে প্রথম আলো থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ, সে এখনো প্রথম আলোর নাম বিক্রি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। প্রতারক চক্রের মধ্যে আরেকজন সৌরভ হোসেন সিয়াম। যিনি নিজেকে ডেইলি স্টারের সাংবাদিক পরিচয় দিয়ে গোলাম রাব্বানী শিমুলের সহযোগী হিসেবে আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকী দিচ্ছে। সবমিলিয়ে, প্রথম আলো ও ডেইলি স্টারের দুই পত্রিকার পরিচয়ে আমাদের প্রায় এক কোটি টাকা দিবে না বলে জানিয়েছে ওই কথিত সাংবাদিকরা। এমনকি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি অবদি দিচ্ছে তারা। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান ও ব্যক্তি মানহানি করতে নারায়ণগঞ্জের একটি স্থানীয় অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে অভিযুক্ত কথিত সাংবাদিকরা।
প্রসঙ্গত, ২০২৫ সালেও আসাদুজ্জামান হিরো, সাগরদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার পিস টি-শার্ট ও প্যান্ট নিয়ে তার পাওনা টাকা পরিশোধ না করার কারণে ফতুল্লা মডেল থানায় এই প্রতারক চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে ডেইলি স্টারের পরিচয়দানকারী সংবাদকর্মী সৌরভ হোসেন সিয়ামকে মুঠোফোন করা হলে তিনি বলেন, দেখেন ভাই আমি শিমুলের সাথে একত্রে কাজ করতাম ওই সুবাদে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। এখন শিমুলের বন্ধুকে পাওনা টাকা আদায়ের জন্য ডেকে নিয়ে গেছে সেই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে আমি সেই নিউজটাই করেছি।
এরপর ডেকে নিয়ে যাওয়াকে কেনো অপহরণ বলে চালিয়ে দিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে বিষয়টা হচ্ছে আমি তো দেখিনি। তবে, আমি শুনেছি অপহরণ হয়েছে। এই বিষয়ে শিমুল ও সোহেল ভালো বলতে পারবে।
একই বিষয়ে প্রথম আলোর বহিষ্কৃত সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুলকে মুঠোফোন করা হলে বাংলা এডিশনকে তিনি বলেন, ভাই আমি হাসপাতালে আছি। আমার স্বজন অসুস্থ; আইসিইউতে ভর্তি। পরে কথা বলবো। ভাইজান আমি এক মিনিট সময় নিবো; প্রতিবেদকের এই কথা শোনার সাথে সাথে ফোনটি কেটে দেন প্রথম আলোর বহিষ্কৃত এই সংবাদকর্মী। এরপর টানা ১৩ বার তার মোবাইলে মুঠোফোন করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
আরও পড়ুন:







