বুধবার

১৪ অক্টোবর, ২০২৬ ২৯ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি: মালিককে এক লাখ টাকা জরিমানা

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১৫:০৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি: মালিককে এক লাখ টাকা জরিমানা
ছবি; বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় বেকারিটিতে পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। পরে বেকারি কর্তৃপক্ষ অপরাধের বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেয়।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার এলহামপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারির (স্বত্বাধিকারী আলী আজগর) কারখানায় পচা ডিম ব্যবহার করে বেকারি খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এ সময় বেকারিটিতে পচা ডিম ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

অভিযানে আরও জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করত বেকারিটি। পরে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে ডিমের দুর্গন্ধ দূর করে সেগুলো বেকারি পণ্য তৈরিতে ব্যবহার করা হতো বলে জানায় অধিদপ্তর।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে বেকারির মালিক ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মর্মে মুচলেকা দেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণনের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া