ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় মাদক বিক্রির সময় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ইকরতলী এলাকার আবুল ইসলাম ও পারভীন বেগমের ছেলে আরমান এবং মন্তু ভুঁইয়া ও মর্জিনা খাতুনের ছেলে সাব্বির আহম্মেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ইকরতলী এলাকায় অভিযান চালান। এ সময় মাদক বিক্রির অভিযোগে আরমান ও সাব্বির আহম্মেদকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ১২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা হয়েছে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৪(ক) ও ১৪(খ) উপধারায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা নম্বর ২৭ রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ও কঠোর আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:







