মেহেরপুরে মূলধারার গণমাধ্যমের সাংবাদিকদের বাদ দিয়ে কথিত ভুঁইফোড় গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সেমিনার আয়োজনের অভিযোগ উঠেছে তথ্য অধিদপ্তরের (পিআইডি) কর্মকর্তাদের বিরুদ্ধে। বুধবার সকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সেমিনার বয়কট করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাব।
অভিযোগ রয়েছে, মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে নামসর্বস্ব কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়। এমনকি বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ বেতারের সংবাদদাতাকেও সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। মেহেরপুরের গুটিকয়েক সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যদের প্রভাবিত করে এ আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এ ছাড়া গণমাধ্যমের প্রতিনিধি না হয়েও পরিচয় দিয়ে সেমিনারে অংশগ্রহণ এবং স্কুল-কলেজের পাঠদান ফাঁকি দিয়ে শিক্ষকদের সেমিনারে উপস্থিত থাকার অভিযোগও উঠেছে।
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন বলেন, সেমিনারে অংশ নেওয়া অনেকেই নিজেদের মূলধারার গণমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তাঁদের সংবাদ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত হয় না। তাঁরা নিয়মিত সংবাদ সংগ্রহের মাঠেও থাকেন না। বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণের সময় তাঁদের দেখা যায়।
অথচ মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে একাধিক মূলধারার গণমাধ্যমের সাংবাদিক থাকলেও তাঁদের বাদ দেয়া হয়েছে।
এ বিষয়ে খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান মূলধারার সাংবাদিকদের সেমিনারে অন্তর্ভুক্ত করতে না পারায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান এবং জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যরা।
আরও পড়ুন:







