মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ীর পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

মোঃ হামজা শেখ,রাজবাড়ীপ্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:২৮

শেয়ার

ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ীর পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান
ছবি; সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের উদ্যোগে অর্ধদিবসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

এ সময় আব্দুস সালাম মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে

সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে রেড ক্রিসেন্টও এ কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশেষ করে হাসপাতালগুলোর বাইরের ড্রেনেজ ব্যবস্থা ও যেসব স্থানে মশার প্রজনন হতে পারে, সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও নির্দেশনা থাকুক বা না থাকুক, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে প্রতি মাসে অন্তত একবার প্রতিটি হাসপাতালের ড্রেন পরিষ্কার রাখার চেষ্টা করা হবে।

বিশেষ করে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত সুন্দর একটা দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রাজিয়া বেগম, আল-আজম আজাদী ও আঞ্জুমান আরা বেগম এবং ইউনিট লেভেল অফিসার মো. রফিকুল ইসলামসহ অন্যরা।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, রেড ক্রিসেন্টের এমন সহযোগিতা অব্যাহত থাকলে হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন, ডেঙ্গুমুক্ত ও গ্রহণযোগ্য পরিবেশে গড়ে তোলা সম্ভব হবে।

যুব রেড ক্রিসেন্ট, রাজবাড়ী ইউনিটের উপ-যুব প্রধান-১ খন্দকার নাসিম রানার নেতৃত্বে যুব কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অভিযানে অংশ নেন।

অভিযানের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং করণীয় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন রেড ক্রিসেন্টের সদস্যরা।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ড্রেন ও জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড় ও অতিরিক্ত ঘাস-গাছপালা ছাঁটাই, জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ এবং অব্যবহৃত ও পরিত্যক্ত সামগ্রী সরিয়ে ফেলা হয়। এর ফলে হাসপাতাল প্রাঙ্গণের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও রোগীবান্ধব হয়ে ওঠে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।