রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণ মামলার প্রধান আসামি সাঈদ মিয়াকেঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩ ও এসআরবি-৪-এর যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার সকালে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, রবিবার রাতে ঢাকা জেলার সাভার থানাধীন রংপুরিয়া বাজার (রাজফুলবাড়ীয়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সাঈদ মিয়া মিঠাপুকুরের গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার এজাহারের বরাত দিয়ে জানানো হয়, গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই কিশোরী। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। নিখোঁজের ঘটনায় তার বাবা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির সময় জানতে পারেন, ওই দিন বিকেলে সাঈদ মিয়া কয়েকজন সহযোগীসহ ওই কিশোরীকে একটি অটোবাইকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে কথা বলতে কিশোরীর বাবা সাঈদের বাড়িতে যান তার মা-বাবা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা জানান। পরে কিশোরীর বাবাকে সাঈদের পরিবারের লোকজন নানা ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১১ অক্টোবর মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।
মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুর ও সিপিএসসি-৩ এবং এসআরবি-৪, মানিকগঞ্জের যৌথ আভিযানিক দল সাভারের রংপুরিয়া বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামী সাঈদকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, অপহরণ, হত্যা ও ধর্ষণসহ অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







