পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১ হাজার মিটার নিষিদ্ধ জাল এবং একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহযোগিতায় রাবনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রিফাত নামের এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, আর কখনও নিষিদ্ধ সময়ে মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দেয়ায় আটককৃত অপর এক অপ্রাপ্তবয়স্ক জেলেকে ট্রলারসহ ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি জানান, ‘‘মা ইলিশের নিরাপদ প্রজনন সুনিশ্চিত করতে এবং সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’’
উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণের ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
আরও পড়ুন:







