চট্টগ্রামের বাঁশখালীর সরকারি আলাওল কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষক সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সরকারি আলাওল কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য কলেজের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে খোঁজখবর নেন। পরে কলেজের হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সরকারি আলাওল কলেজের অবকাঠামোগত উন্নয়নে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা যাতে সুন্দর ও মানসম্মত পরিবেশে পড়ালেখা করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাব।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যৎ দেশ গড়তে মেধাবী প্রজন্মের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের প্রচুর পড়াশোনা করতে হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনেও মনোযোগী হতে হবে। উত্তম চরিত্র মানুষকে মহান করে তোলে। শিক্ষার্থীদের বই কেনা ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত বাড়ির কাজ করতে হবে এবং শিক্ষকদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। মা-বাবার আমানত রক্ষায় ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।’
কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে সংসদ সদস্য বলেন, ‘কলেজে এসে শিক্ষক সংকটের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিক্ষক সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’
সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মো. সোলেমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শেখ ফরিদ উদ্দিন রাজু, কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সঞ্জীব কুমার সেন ও এনামুল হক জামালী। সভা সঞ্চালনা করেন নেওয়াজ মোহাম্মদ হিরো।
সভায় কলেজের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:







