মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

নাব্যতা সংকটে বন্ধ রাজবাড়ীর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল

মোঃ হামজা শেখ, রাজবাড়ী

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:২৯

শেয়ার

নাব্যতা সংকটে বন্ধ রাজবাড়ীর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল
ছবি: বাংলা এডিশন

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার এক দিন পর আবারও নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সহজ নৌপথ হিসেবে পরিচিত রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল।

সোমবার রাত ৮টার দিকে রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নাব্যতা সংকটের কারণে রাত সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাজিরগঞ্জ ঘাটের মুখে পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে চিঠির মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে। এ রুট দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ১০০টি যানবাহন পারাপার হতো।

এদিকে, তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর বিকেল পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

এ সময় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের আট জেলার যানবাহনের চালকেরা বিকল্প রুট ব্যবহার করেন। তবে যাত্রীরা এ পথে চলাচলকারী ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে নদী পারাপার হন।