ঝিনাইদহের মহেশপুরে পৃথক তিনটি ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিষপানের পর মারা গেছেন এবং অপরজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলেন উপজেলার ভালাইপুর গ্রামের গৃহবধূ শিমু খাতুন (৩৫), পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ (৫৭) এবং কাজিরবেড় ইউনিয়নের ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিষপানের পর অসুস্থ হয়ে পড়েন শিমু খাতুন। প্রথমে তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে ৮ অক্টোবর তাঁকে আবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর সকালে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, ১২ অক্টোবর সকালে পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ নিজের কৃষিজমিতে গিয়ে বিষপান করেন বলে জানা গেছে। পরে বাড়িতে ফিরে বিষয়টি স্ত্রীকে জানান। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া, ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজার ঝুলন্ত মরদেহ বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে উদ্ধার করা হয়। সকালে এক প্রতিবেশী তাঁকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নামিয়ে বাড়িতে নিয়ে যান।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, মৃত তিনজনের মধ্যে দুজন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, বিষপান ও ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, পৃথক তিনটি মৃত্যুর ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।
আরও পড়ুন:







