সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বগুড়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাং লিডার সুইটসহ গ্রেপ্তার দুই

বিশেষ প্রতিনিধি,বগুড়া

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৩:০২

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বগুড়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাং লিডার সুইটসহ গ্রেপ্তার দুই
ছবি; সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতে অত্যাধুনিক বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে আতঙ্ক সৃষ্টির ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বগুড়ার শাজাহানপুরে আলোচিত সুইট গ্রুপের কথিত সদস্য মো. এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও অপরাধে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. মিরাজুল।

এর আগে, সুইটের হাতে চাকু ও পিস্তল প্রদর্শনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। এ নিয়ে বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান জোরদার করে। পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

ডিবি সূত্রে জানা যায়, এসআই রুবেল প্রামাণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুইট ও তাঁর সহযোগী মিরাজুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা বার্মিজ চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া ১৫০ সিসির একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সুইটের বাড়ি ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায়। তাঁর বাবার নাম এরশাদুল রহমান। অপর গ্রেপ্তার মিরাজুলের বাড়ি বিলকেশপাথার গ্রামে। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। তাঁরা দুজনই শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, পিস্তলটি খেলনা ছিল তবে চাকু টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বল জানান তিনি।