সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

কুবির বিজয়-২৪ হলের দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১১:১০

শেয়ার

কুবির বিজয়-২৪ হলের দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ
ছবি; সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন ব্লকের চতুর্থ তলার করিডরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেছে হল প্রশাসন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম অলি আহমেদ দয়াল। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

হল প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার দিকে হলের নতুন ব্লকের চতুর্থ তলার করিডর দিয়ে যাওয়ার সময় দয়াল লাফ দিয়ে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরে ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়।

হল প্রশাসন আরও জানায়, ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীকে ফোন করে প্রভোস্টের সঙ্গে দেখা করতে বলা হয়। তবে তিনি উল্টো প্রভোস্টকে তাঁর কক্ষে গিয়ে দেখা করতে বলেন। পরে প্রভোস্টসহ হল প্রশাসনের সদস্যরা তাঁর কক্ষে গেলে তাঁকে সেখানে পাওয়া যায়নি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তাঁর জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত অলি আহমেদ দয়ালের বক্তব্য জানতে ফোন করা হলে প্রতিবেদকের পরিচয় শোনার পর তিনি কলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে হলে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় তাঁর কক্ষে কারণ দর্শানোর নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর জবাব পাওয়ার পর সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।